বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন অন্যতম প্রধান বিষয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনে সংশ্লিষ্টদের তিনি আরও মনোযোগী হওয়ার আহব্বা ন জানান। গতকাল মঙ্গলবার ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরের সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নিয়ে এ মূল্যায়ন সভার আয়োজন করে। সরকারি কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ইউজিসি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মূল উদ্দেশ্য দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং উৎকর্ষ সাধন করা।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিচালনা অনেকাংশে নির্ভর করে দক্ষ রেজিস্ট্রারের ওপর। তারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অতীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ প্রশাসনিক কাজে রেজিস্ট্রারের ওপর নির্ভর করতেন। বর্তমানে দক্ষ রেজিস্ট্রারের অভাবে অনেক বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্তদের দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।’ সভাপতির ভাষণে ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নেওয়াজ আলি বক্তব্য রাখেন।
