সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনের গুঞ্জনে ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমি শঙ্কিত, উদ্বিগ্ন। আইনটি পাসের এক বছর হয়ে গেল। তারপরও কোনো বিধিমালা প্রণয়ন হয়নি। যে কারণে আইনটি বাস্তবায়ন কিংবা প্রয়োগ করা যাচ্ছে না।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক পরিবহন আইনে আমাদের আকাক্সক্ষার প্রতিফলন হয়নি। আইনটি প্রণয়নের পর আমাদের পক্ষ থেকে একাধিক সংশোধন দেওয়া হয়েছিল। কিন্তু তা করা হয়নি। এখন শুনতে পাচ্ছি এই আইনে যতটুকু পেয়েছি, তার ওপর ছুরি-কাঁচি চালানো হবে। সেটি হলে আইনটি কতটুকু জনকল্যাণে কাজে লাগবে?’
