গনসালো হিগুয়াইন ও ফেদেরিকো বের্নারদেস্কির দুই গোলে জয় দেখছিল জুভেন্টাস। শেষ দিকে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। তাতে বেয়ার লেভারকুজেনকে উড়িয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে ইতালির জায়ান্টরা।
তুরিনে মঙ্গলবার ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মান ক্লাব লেভারকুজেনকে ৩-০ গোলে হারায় জুভেন্টাস। প্রথমার্ধের শুরুতেই দলকে এগিয়ে নেন হিগুয়াইন। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন বের্নারদেস্কি ও রোনালদো।
ম্যাচটির শেষ মুহূর্তে একটি গোল করার মধ্য দিয়ে অসাধারণ এক রেকর্ড স্পর্শ করেন পর্তুগিজ ফুটবলার রোনালদো। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে ৩৩টি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের জালে গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এতদিন এই রেকর্ডটি এককভাবে দখলে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল।
নিজেদের মাঠে ম্যাচের শুরুতে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ঠিকই আধিপত্য দেখায় জুভেন্টাস। গোল পেতেও খুব দেরি হয়নি তাদের। ডি-বক্সের বাইরে আলগা বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জাল খোঁজে নেন হিগুয়াইন। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় সেরি আ চ্যাম্পিয়নরা।
বিরতির পরও আক্রমণে ধার ধরে রাখে জুভেন্টাস। ৬১তম মিনিটে ডি-বক্সের মাঝামাঝিতে বল পেয়ে বা পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান উইঙ্গার বের্নারদেস্কি।
ম্যাচের ৮৮তম মিনিটে লেভারকুজেনের জালে শেষ পেরেক ঠুকেন রোনালদো। পাওলো দিবালার রক্ষণচেড়া বল ডান পায়ের শটে জালে জড়াতে ভুল করেননি তারকা এই ফরোয়ার্ড। গোলটির মধ্য দিয়ে রিয়াল কিংবদন্তি রাউলের রেকর্ডে ভাগ বসালেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে রোনালদোর এটা প্রথম গোল। ক্লাব পর্যায়ে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় রেকর্ড গোলদাতার গোল দাঁড়ালো ১২৭টি!
গ্রুপে প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে গিয়ে ২-২ গোলের ড্র নিয়ে ফেরেছিল জুভেন্টাস। দুই ম্যাচে এক জয় ও এ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে ওঠে এসেছে তুরিনের ক্লাবটি।
গ্রুপের অপর ম্যাচে রুশ ক্লাব লকোমোকিভ মস্কোর মাঠে ২-০ গোলে হেরেছে আতলেতিকো। দলটির পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে দিয়েগো সিমেওনের দল।
