ক্যারাম বোর্ড নিয়ে বিবাদে তরুণীকে তিন তালাক

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১২:৫৯ পিএম

ক্যারাম বোর্ড নিয়ে বিবাদে স্ত্রীকে তিন তালাক দেওয়ায় মামলা দায়ের হলো এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতে রাজস্থানের বারান জেলায় এই ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আনতা শহরের বাসিন্দা ২৪ বছর বয়সী শাবরুন্নিসা।  একটা ক্যারম বোর্ড নিয়ে ঝামেলার জেরে তাকে তাত্‍‌ক্ষণিক তিন তালাক দেন স্বামী শাকিল আহমেদ।

শাবরুন্নিসার ভাষ্য, দাম্পত্য কলহের কারণে কিছুদিন ধরে ছেলেকে নিয়ে বাবা-মায়ের কাছে থাকছিলেন শাবরুন্নিসা। একদিন কোথাও যাওয়ার সময় স্বামী শাকিল তার পথ আটকান। ছেলের জন্য একটি ক্যারাম বোর্ড এনেছিলেন তিনি। সেটি নিতে বলেন স্ত্রীকে। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করায় রাগের চোটে শাকিল শাবরুন্নিসাকে তিন তালাক দেন।

প্রসঙ্গত, ৩০ জুলাই তাত্‍‌ক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে আখ্যায়িত করে মুসলিম উইমেন প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ অ্যাক্ট, ২০১৯ নামে একটি আইন পাস করে দেশটির রাজ্যসভা। এই আইনের আওতায় শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত