‘যেকোনো মুহূর্তে সরকারের পতন’ দেখছেন খন্দকার মাহবুব

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০১:৫৭ পিএম

অবৈধ সরকারকে ভয় করার কিছু নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘তাদের পায়ের নিচে মাটি নাই। তারা দোদুল্যমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে তাদের ধাক্কা দিলেই পতন হবে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।

খন্দকার মাহবুব বলেন, ‘এই সরকার অবৈধ। পাতানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তাদের উচিত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করা। তাছাড়া আপনাদের পতন কিন্তু আসন্ন। আপনাদের পায়ের নিচে মাটি নাই। আশপাশে কেউ নাই আপনাদের।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক) বলেছেন- প্রধানমন্ত্রীর কাছে নাকি অপরাধীদের তালিকা আছে। তালিকা রেখে লাভ নাই। আমরা দেখতে চাই কারা সেই অপরাধী।’

‘তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আপনি বারবার ভালো ভালো কথা বলবেন আর চমক সৃষ্টি করবেন, সেই চমক সৃষ্টির দিন চলে গেছে’ যোগ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আমরা অনেক দেখেছি; আমাদের ধৈর্যচ্যুতি হয়ে গেছে। এখনো সময় আছে আপনি পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।’

খন্দকার মাহবুব বলেন, ‘হাইকোর্ট নিয়ে খেলতে যাবেন না। বিচার বিভাগকে নিয়ে খেলতে যাবেন না। বিচারকরাও আপনার খেলার সঙ্গী আর হবে না। সংবিধানে হাইকোর্টকে যে অধিকার দেওয়া হয়েছে সেখানে যদি আইনের শাসন না থাকে, তাহলে সেই হাইকোর্টের অস্তিত্ব নাই।’

হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সতর্ক করে দিয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘দেশে আইনের শাসন যদি না থাকে, তাহলে আপনাদেরও শাসন থাকবে না। আপনাদের অস্তিত্ব থাকবে না। জনগণ আপনাদেরকে মাঠে টেনে নিয়ে আসবে।’

আয়োজক সংগঠনের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত