ডি কক-এলগারের সেঞ্চুরির দিন অশ্বিনের ৫ উইকেট

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৮:৪৫ পিএম

ডিন এলগার ও কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা। দুজনের এমন ব্যাটিংয়ের বিপরীতে ক্যারিয়ারে ২৭তম বার ৫ উইকেট নিয়েছেন অশ্বিন।

বিশাখাপত্তমে তৃতীয় দিন শেষে সফরকারী দলের স্কোর ৮ উইকেটে ৩৮৫। ভারত এগিয়ে ১১৭ রানে।

ওপেনিংয়ে নামা এলগার আউট হয়েছেন ১৬০ রান করার পর। কুইন্টন ডি কক খেলেন ১১১ রানের ইনিংস। এই দুজন ছাড়া ফাফ ডু প্লেসিস আউট হন ৫৫ রান করে। আর কেউ সেভাবে রান পাননি।

তৃতীয় দিন এলগার শুরু করেন ২৭ রানে। টেম্বা বাভুমার ছিল ২। প্রথম সেশনে এই জুটি বেশি দূর যেতে পারেনি। ১৮ রান করা বাভুমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইশান্ত শর্মা। সফরকারী দলের চতুর্থ উইকেটের পতন হয়েছিল ৬৩ রানের মাথায়।

অধিনায়ক ডু প্লেসিস যোগ দেন এলগারের সঙ্গে। পঞ্চম উইকেটে ১১৫ রানের জুটি গড়েন তারা। তৃতীয় দিনে অশ্বিনের প্রথম শিকার ডু প্লেসিস।

ক্যাপ্টেন প্যাভিলিয়নে ফেরার সময় ৯৪ রানে অপরাজিত এলগার। তার সঙ্গে যোগ দেন ডি কক। এর কিছুক্ষণ পরই অশ্বিনের বলে ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছান এলগার। সেঞ্চুরির পর আরও ৬০ রান করেন তিনি। শেষ পর্যন্ত টেস্টে জাদেজার দুইশতম শিকারে পরিণত হন। কোনো বাঁহাতি স্পিনারের এটা দ্রুততম ২০০ উইকেট নেওয়ার মাইলফলক।

মাত্র ৪৪ টেস্টে মাইলফলক ছুঁয়েছেন জাদেজা। শ্রীলঙ্কান অফস্পিনার রঙ্গনা হেরাথকে ২০০ উইকেট নিতে ৪৭ টেস্ট খেলতে হয়েছিল।

এলগার যখন আউট হন তখন প্রায় নব্বই ছুঁই ছুঁই স্কোরে অপরাজিত ডি কক। এলগারের মতোই অশ্বিনের বলে তিনিও ছক্কা মেরে সেঞ্চুরি করেন। অশ্বিনই শেষে তাকে বোল্ড করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত