রোহিঙ্গা শিবিরে মাতৃকল্যাণ ও শিশু স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রোটারি ইন্টারন্যাশনাল-জাতিসংঘ ‘পিপল অব অ্যাকশন-কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের হাসিনা রহমান। আগামী ৯ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তাকে এই সম্মাননা দেওয়া হবে। গত ৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল।
‘রোটারি-জাতিসংঘ দিবস’ উপলক্ষে বিশ্বের ছয়জন মানবতাসেবীকে এ বছর ‘পিপল অব অ্যাকশন-কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। ২০০টি দেশ থেকে প্রাপ্ত মনোনয়নের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি চার মাসব্যাপী বাছাই প্রক্রিয়া শেষে ছয়জনের নাম ঘোষণা করে।
সম্মাননাপ্রাপ্ত অন্যরা হচ্ছেন, জার্মানির ড. বার্নড ফিশার, ব্রাজিলের ভ্যান্দেরলাই লিমা সান্তানা, ইন্দোনেশিয়ার এইস রবিন, তুরস্ক বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইলগে কারানকাক স্পল্যানি এবং লেবাননের লুসিয়েনে হ্যাওয়ার্থ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাসিনা রহমান আন্তর্জাতিক সাহায্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর। তিনি রোহিঙ্গা শিবিরে ৮টি শিশু ও মাতৃকল্যাণ সেন্টার পরিচালনা করেছেন।
