ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। রোববার দুপুরে নয়াদিল্লির হোটেল তাজমহলে এই সাক্ষাৎ হয়।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও এ সময় উপস্থিত ছিলেন।
দেখা হতেই প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে পদার্পণ করায় রাজীব-সোনিয়া কন্যাকে অভিনন্দন জানান তিনি।
এদিকে শেখ হাসিনার আলিঙ্গনবদ্ধ এই ছবি টুইটারে দিয়েছেন প্রিয়াঙ্কা।
টুইটারের ক্যাপশনে তিনি লেখেন, ‘শেখ হাসিনা জি যেভাবে আমাকে আলিঙ্গন করেছেন, যার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। সাহসিকতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় তিনি যেভাবে ব্যক্তিগত গভীর ক্ষত ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন সেটি সব সময় আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
এ দিন পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাতে তারা অতীতের স্মৃতি রোমন্থন করেছেন।’
১৯৭১ সালে বাংলাদেশের প্রতি ভারত সরকার ও তাদের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
