দুই বোনকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ পিএম

গাজীপুরে সড়ক থেকে তুলে নিয়ে দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গত শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা হলে রাতেই পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। তারা হলো শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়া গ্রামের মো. রাজ্জাক ও আজিজুল হক।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময় দুই বোনকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল গ্রেপ্তার হওয়া রাজ্জাক ও আজিজুল। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে দুই বোন বাড়ি থেকে পাশের বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় তাদের পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে রাজ্জাকের বাড়িতে নেওয়া হয়। সেখানে একটি ঘরে আটকে রেখে দুই বোনকে ধর্ষণ করে রাজ্জাক ও আজিজুল।

ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ (ফেসবুক) ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এজন্য তারা ভয়ে এতদিন মুখ খোলেনি। একপর্যায়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। এরপর শনিবার রাতে থানায় মামলা করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) তারিকুজ্জামান জানান, জড়িত দুজনকেই গ্রেপ্তার করে রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মেডিকেল টেস্টের জন্য নির্যাতিত দুই বোনকে রবিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত