সংগীত পরিচালক আলাউদ্দীন আলীকে ব্যাংককে নেওয়া হয়েছে

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১০:০২ পিএম

ক্যানসার আক্রান্ত সংগীত পরিচালক আলাউদ্দীন আলীকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। রবিবার সকালে তাকে সেখানে নেওয়া হয় বলে জানিয়েছেন আলাউদ্দীন আলীর মেয়ে আলিফ আলাউদ্দীন। তার সঙ্গে ব্যাংককে গিয়েছেন স্ত্রী ফারজানা মিমি ও ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দীন।

আলিফ আলাউদ্দীন বলেন, ‘আব্বু ব্যাংককে ঠিকমতো পৌঁছেছেন। সেখানে চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখবেন, তারপর চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে।’

চলতি বছরের ২২ জানুয়ারি রাতে হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দীন আলী। তখন শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। পরে তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৫ জানুয়ারি সকালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ৭৭ দিন চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর ৮ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তাকে ফিজিওথেরাপির জন্য সিআরপিতে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়।

গত ১৭ সেপ্টেম্বর চিকিৎসকেরা তার অবস্থা পর্যবেক্ষণ করে জানিয়েছেন, আলাউদ্দীন আলীর ফুসফুসে নতুন করে টিউমারের অস্তিত্ব দেখা গেছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। এ জন্য উন্নত চিকিৎসা নিতে হবে। এরপরই পরিবার থেকে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য এর আগে ২০১৫ সালের ৩ জুলাই আলাউদ্দীন আলীকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত