ধর্ষণের অভিযোগে আটক নেপালের সাবেক স্পিকার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১১:৫৮ পিএম

পার্লামেন্ট সচিবালয়ের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কাঠমান্ডুর একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর গত রবিবার তাকে আটক করা।

বিবিসির খবরে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় বাসায় গিয়ে ওই নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও বিরোধীদের তুমুল সমালোচনার মুখে গত মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষের এ স্পিকার পদত্যাগ করেছিলেন।

তবে সাবেক মাওবাদী বিদ্রোহী মাহারা তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার পদত্যাগের সময় তিনি জানান, ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থেই তিনি পদ ছেড়ে দিচ্ছেন। ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টিও মাহারাকে পদত্যাগের অনুরোধ জানিয়েছিল।

এদিকে ওই নারী বলেছেন, এ রকম কিছু ঘটবে তিনি তা স্বপ্নেও ভাবেননি। প্রথম দফায় ধর্ষণের পর তিনি পুলিশ ডাকতে চাইলে চলে যান মাহারা।

মাহারা ২০১৭ সালের নির্বাচনে কট্টর ও মধ্যপন্থি কমিউনিস্ট দলগুলোর জোট থেকে সাংসদ এবং পরে স্পিকার হয়েছিলেন। ২০০৬ সালে দেশটিতে দশককালের গৃহযুদ্ধের সমাপ্তি টানার আলোচনায় মাওবাদী বিদ্রোহী অংশের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন মাহারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত