ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১১:৫৯ পিএম

ঘুষ লেনদেনের সময় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান ও তার অফিস সহকারী জুলফিকার আলীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

দুদক দিনাজপুর অঞ্চলের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম সকালে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযানে যায়। তখন টিম অফিস সহকারী জুলফিকারকে ঘুষের ৫০ হাজার টাকা শিক্ষা কর্মকর্তা আনিছুরকে দিতে দেখেন। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আনিছুরের শহরের হাজীপাড়ার ভাড়াটে বাসায়ও অভিযান চালায় দুদক।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, নগদ অর্থসহ অফিস চলাকালীন তাদের আটক করা হয়েছে। আনিছুরসহ ঠাকুরগাঁওয়ের কিছু কর্মকর্তা শিক্ষক নিয়োগের সঙ্গে জড়িত রয়েছেন।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ জানান, দুদকের একটি টিম অভিযান চালিয়ে শিক্ষা কর্মকর্তাসহ দুজনকে আটক করে দিনাজপুর দুদক কার্যালয়ে নিয়ে গেছে। দুদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত