বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ১, ২ ও ৬ নম্বর গ্যালারিতে চলছে ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক প্রদর্শনী। এ উপলক্ষে গত ২৮ আগস্ট থেকে জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিওতে অনুষ্ঠিত হয় ‘শত চিত্রে জননেত্রী’ শীর্ষক মাসব্যাপী আর্ট ক্যাম্প। যেখানে ১০ জন শিল্পী ১০টি করে ১০০টি চিত্রকর্ম আঁকেন। প্রদর্শনীতে অন্যান্য শিল্পকর্মের পাশাপাশি স্থান পেয়েছে এই ১০০টি চিত্রকর্ম। আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা হলেনÑ আব্দুর রব খান, তিতাস চাকমা, জয়ন্ত সরকার জন, সৈয়দা তামান্না আফরোজ, শিবলী হাওলাদার, শ্রীকান্ত রায় সুবীর, সুরভী আক্তার, শুভ্র তালুকদার, সুজন মাহাবুব ও সৌরভ ধর। শিল্পী সুজন মাহবুব বলেন, ‘প্রদর্শনীতে আমার ১০টি শিল্পকর্ম রয়েছে। আমার শিল্পকর্মে মূলত শাড়িতে জননেত্রী শেখ হাসিনাকে তুলে আনতে চেষ্টা করেছি। মায়ের শাড়ির আঁচল যেমন সন্তানের আশ্রয় হয়ে ওঠে। শেখ হাসিনা এখন বাংলাদেশের তেমনই এক আশ্রয়। তাই শাড়িতে শেখ হাসিনাকে নানা অবয়বে তুলে ধরেছি।’ পুরো প্রদর্শনীতে শেখ হাসিনার শৈশব থেকে এখন পর্যন্ত নানা সময়ের ২৩১টি আলোকচিত্র রয়েছে। চিত্রকর্ম আছে ১৩৩টি, ৪টি স্থাপনা শিল্প, ৫টি ভিডিও ইনস্টলেশনে উঠে এসেছে তার জীবনের নানা সময়। এ ছাড়া শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত নানা বইও রয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনী দেখতে আসা মঞ্চ অভিনেত্রী জ্যোতি সিনহা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের নানা অধ্যায়কে শিল্পীরা তুলে ধরেছেন। প্রদর্শনীতে শিল্পীদের শৈল্পিক উপস্থাপনায় অন্য রূপে শেখ হাসিনাকে দেখার সুযোগ হলো।’ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
নাট্যশালায় ‘বহিপীর’ মঞ্চস্থ
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটক ‘বহিপীর’। ঢাকা থিয়েটার মঞ্চের নতুন প্রযোজনা এটি। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘বহিপীর’ মঞ্চে নির্দেশনা দিয়েছেন আফরিন হুদা তোড়া। নির্দেশক বলেন, “সৈয়দ ওয়ালীউল্লাহর বহুল পঠিত রচনা ‘বহিপীর’। আমরা এটি মঞ্চে নিয়ে আসি গত ডিসেম্বরের শেষের দিকে।” বহিপীরের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফারহাদুল আমিন, নূরুল আলম, সাফায়েত দুর্জয় প্রমুখ।
