গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িত কেউই ছাড় পাবে না।
মঙ্গলবার দুপুরে সাভারের আমিনবাজারের মধুমতি মডেল টাউন এলাকার করিম পল্লীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, হত্যাকারীরা যে দলই করুক; অপরাধ যে করবে আইনের আওতায় তাকে আসতেই হবে। এটাই হচ্ছে শেখ হাসিনার আমল। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর বলা হয়েছিল হত্যাকারীরা ছাত্রলীগ, তাদের বিচার হবে না। কিন্তু ওই ঘটনায় তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগে থেকেই দেশে দুর্নীতিবিরোধী ও অনৈতিকতাবিরোধী অভিযান শুরু করেছেন। এখন তার চ‚ড়ান্ত বহিঃপ্রকাশ ঘটছে। দুর্নীতিবিরোধী অভিযানের কারণেই খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের কারাদণ্ড হয়েছে।
তিনি বলেন, ‘এ দেশে বড় বড় অপরাধ করে কেউ রক্ষা পায়নি। মানবতাবিরোধী অপরাধ, বিডিআর হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের সাত খুন, বিশ্বজিৎ হত্যা, বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যাসহ বড় বড় সব অপরাধেরই বিচার এ দেশে হচ্ছে। যা অতীতে কেউ কল্পনাও করতে পারেনি।’
প্রধানমন্ত্রীর কাছে কে ছাত্রলীগ, কে যুবলীগ, কে জাতীয় পার্টি সেটা বড় নয় জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘অপরাধী যিনি; তিনি তার বিচার করেন। কেউ কল্পনাও করতে পারেনি যুবলীগের শীর্ষ নেতারা গ্রেপ্তার হবেন। অপরাধী যেই হবেন তারই বিচার হবে, এটাই আইনের শাসন।’ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
