শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচনী এলাকা ত্যাগের দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অনশন ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা আ.লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মো. মিনহাজ উদ্দিন মিনাল। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি সমর্থকদের নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট পালন করেন। পরে হুইপ আতিক বুধবার (আজ) এলাকা ত্যাগ করবেন রিটার্নিং কর্মকর্তার এমন আশ^াসের প্রেক্ষিতে প্রার্থী মিনাল অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন।
এর আগে গত সোমবার সরকারদলীয় হুইপ হয়েও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক তার কার্যালয়ে বসে নিয়মিত নির্বাচনী বৈঠক ও নির্দেশনা দিচ্ছেন এবং তার মেয়ে সদর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা কর্মকর্তা হয়েও বিভিন্ন এলাকায় গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করছেন সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন মিনহাজ। তবে হুইপ আতিউর রহমান আতিক প্রার্থী মিনালের এসব অভিযোগ অস্বীকার করেন।
অবস্থান ধর্মঘট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজ উদ্দিন মিনালের সমর্থকরা দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং হুইপ আতিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্লোগান দেন। এছাড়া তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে তিনি হুইপ আতিউর রহমান আতিকের সঙ্গে কথা বলেছেন। হুইপ বুধবার শেরপুর এলাকা ত্যাগ করবেন বলে তাকে (নির্বাচন কর্মকর্তা) আশ^স্ত করেছেন।
