লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ৮ কিলোমিটার সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান। ৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সড়কটির সংস্কারকাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
গত সোমবার এক পথসভায় সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেন সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খাঁন।
ওই সড়কের অটোরিকশাচালক কবির হোসেন ও ইউসুফ জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিনই বিভিন্ন যানবাহনের ক্ষয়ক্ষতিসহ ওই সড়কে চলাচলরত যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটির দৈন্যদশাসহ মানুষের দুর্ভোগের কথা জেনে বিভিন্ন মন্ত্রণালয়ে ছুটে যান সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন। কাজ শুরু হয় সড়কটির। অবশেষে এক যুগ পর রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কটির সংস্কারকাজের জন্য সড়ক ও জনপথ বিভাগ ৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিলে গত সোমবার সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোস্তফা চৌধুরী, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক মেয়র বেলাল আহম্মেদ প্রমুখ।
