নিউজিল্যান্ড সফরে সিরিজের চতুর্থ ওয়ানডেতেও ব্যাটিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চারজনের অর্ধশতকে ম্যাচটিতে স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দলকে বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে আকবর আলির দল।
পাঁচ ম্যাচের প্রথম তিনটি জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচেও জয়ের জোরালো সম্ভাবনা তাদের সামনে।
লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে লাল-সবুজ দল। দলকে রান পাহাড়ে নিয়ে যেতে অর্ধশতক হাঁকিয়ে অবদান রাখেন তানজিদ হাসান (৫১), পারভেজ হোসেন ইমন (৫৫), তৌহিদ হৃদয় (৭৩) ও আকবর আলি (৬৬)।
ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তানজিদ ও পারভেজ। পরে মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন আশানুরূপ ভালো করতে না পারলেও তাদের ব্যর্থতা কাটিয়ে দেন পাঁচে নামা তৌহিদ ও ছয়ে নামা অধিনায়ক আকবর।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পেসার ডেভিড হ্যানকক।
