দারুণ সাড়া ফেলেছে তেলুগু ছবি ‘সাই রা নরসিং রেড্ডি’। দক্ষিণ ভারতীয় সুপারস্টার চিরঞ্জিবীর ১২৫তম ছবিটির প্রযোজক তারই ছেলে অভিনেতা রাম চরণ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তামান্না ভাটিয়া। খবর তাকে নিয়েই।
ইন্ডিয়ার এক্সপ্রেস জানায়, ‘সাই রা নরসিংহ রেড্ডি’র সাফল্যে খুশি হয়ে প্রযোজকের স্ত্রী উপাসনা নায়িকাকে দুই কোটি রুপির হিরার আংটি উপহার দিয়েছেন। যা কিনা পৃথিবীর পঞ্চম বৃহত্তম হিরা।
পিরিয়ড বায়োপিকটিতে চিরঞ্জিবী-তামান্না ছাড়াও অভিনয় করেন অমিতাভ বচ্চন, কিচ্চা সুদীপ, আনুশকা শেঠি, নয়নতারাসহ অনেকে। এর মধ্যে অমিতাভ-আনুশকা ছিলেন ক্যামিও রোলে। কিন্তু তামান্নার চরিত্রের তাৎপর্য আলাদা। কারণ ছবিতে নরসিং রেড্ডির প্রেমিকার চরিত্রে ছিলেন।
ছবিটির বাজেট ছিল ২৭০ কোটি রুপির কাছাকাছি। প্রথম সাত দিনেই আয় করেছে ১৮৫ কোটির বেশি। অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই বাজেট উঠে আসবে বলেই আশা করছেন প্রযোজকেরা। তাই খুশি হয়ে প্রযোজক রাম চরণের স্ত্রী ও চিরঞ্জিবীর পুত্রবধূ উপাসনা ছবির নায়িকার জন্য পাঠালেন তাক লাগানো উপহার। উপাসনার দেওয়া ৩১২ ক্যারাটের এই হিরার ওজন ৬২.৪ গ্রাম।
উপহারটি পেয়ে দারুণ খুশি তামান্না। টুইটারে আংটির ছবি পোস্ট করেন উপাসনা, অভিবাদন জানান ‘বাহুবলি’-খ্যাত নায়িকাকে। অন্যদিকে ফিরতি ধন্যবাদ দিতে ভোলেননি তামান্না।
