বিকাশের টাকা লুটের চেষ্টা অস্ত্রসহ ৩ দুর্বৃত্ত আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১০:১১ পিএম

সাভারের আশুলিয়া উপজেলার ভাদাইল এলাকার সাদেক ভুইয়ার মার্কেটের সামনে মোবাইলভিত্তিক বেসরকারি আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের বিক্রয় প্রতিনিধি রাসেল আহমেদের কাছ থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ৪০ লাখ টাকা লুটের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার সময় স্থানীয়দের কয়েকজন ওই দুর্বৃত্তদের আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। দুর্বৃত্তদের কাছ থেকে একটি নম্বার প্লেটহীন মোটরসাইকেল, চাপাতি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় দুর্বৃত্তদের হামলায় বিকাশের ওই প্রতিনিধিসহ পাঁচ জন আহত হয়েছেন।

পুলিশের সদস্য ও স্থানীয়দের কয়েকজন জানান, দুপুরে রাসেল আহমেদ বিভিন্ন এজেন্টের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করে ভাদাইল এলাকার একটি বিকাশ এজেন্টের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অস্ত্রধারী তিন যুবক মোটরসাইকেলে করে এসে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাসেলের কাছে থাকা টাকা লুটের চেষ্টা করে। এ ঘটনায় পাশের দোকানিসহ আশপাশের লোকজন দুর্বৃত্তদের আটক করে ধোলাই দিয়ে পুলিশে দেয়। বিকাশের আশুলিয়া জোনের সিনিয়র কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আমাদের ডিস্ট্রিবিউটর সেলস (ডিএস) টাকা সংগ্রহের সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তার হাতের একটি আঙুল কেটে যায়। তাকে উদ্ধার করে নোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেলের বাড়ি আশুলিয়া এলাকায়। তার কাছে থাকা টাকা ঠিকঠাক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত