কাতারের বিপক্ষে ম্যাচে বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ফুটবলাররা। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে সেয়ানে সেয়ানে লড়াই করতে চায় কোচ জেমি ডের দল। ঘরের মাঠে প্রত্যাশা তাদের পয়েন্ট ছিনিয়ে নেওয়া। আর সে জন্য দর্শকদের কাছ থেকেও সমর্থন চান ফুটবলাররা। এমন ম্যাচে ভরা গ্যালারি বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে বলে বিশ্বাস লাল-সবুজের সারথিদের।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
সব দিক দিয়েই কাতার এ ম্যাচে এগিয়ে। র্যাঙ্কিং বলছে কাতারের বর্তমান অবস্থান ৬২তম। আর বাংলাদেশ আছে ১৮৭তম স্থানে। অর্থাৎ বাংলাদেশ পিছিয়ে ১২৫ ধাপ।
কিন্তু সেই দলটাকে রুখে দিতে চায় বাংলাদেশ। এমনকি জয়েও চোখ তাদের। বুধবার দেশ রূপান্তরকে মিডফিল্ডার বিপলু আহমেদ যেমন বললেন, ‘কেন পারব না (কাতারে বিপক্ষে জয়)। যদি কালকের দিনটা আমাদের হয়, তাহলে ইনশা আল্লাহ আমরা ভালো কিছু করব।’
বড় ম্যাচ, চাপ থাকাটা স্বাভাবিক। বিপলু বলছেন, ‘চাপ একটু আছে। কিন্তু ম্যাচটা খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
দর্শকদের উদ্দেশ্যে চাওয়ার কথাও বলেন বিপলু, ‘দর্শকদের কাছে চাওয়া কাল গ্যালারি যেন ভরে যায়। সবাই যেন মাঠে আসে আর আমাদের জন্য দোয়া করে। বাংলাদেশ-বাংলাদেশ বলে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখে।’
এদিকে দুদিন আগে মঙ্গলবার এক ফেইসবুক বার্তায় দর্শকদের মাঠে আসার আহ্বান জানান অধিনায়ক জামাল ভূঁইয়াও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আর দুদিন পর আমার সবচেয়ে বড় খেলা আছে ‘ই’ গ্রুপে, কাতারে বিপক্ষে। সবাই জানেন কাতার এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু আমি একটা জিনিস চাই, যারা সাপোর্টার, যারা বাংলাদেশের সাপোর্ট করেন, আপনারা স্টেডিয়ামে আসেন।’
‘ন্যাশনাল টিমের জন্য সাপোর্ট করেন, দেশের জন্য সাপোর্ট করেন। আমি আশা করি সবাই মাঠে আসবেন। কাতারের বিপক্ষে আমাদের সাপোর্ট করবেন।’
