ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। পেটুয়া বাহিনী ও সন্ত্রাসীরা বিএনপির সমর্থকদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে। গত মঙ্গলবার রাতে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়ক সাবেক পৌর মেয়র ও বিএনপির পৌর সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করা হয়েছে। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ সৃষ্টির দাবি জানান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরিফুন্নেছা মিকি। তিনি বলেন, ‘আমি বা আমার কোনো লোক এসব ঘটনায় জড়িত নয়। আচরণবিধি লঙ্ঘন ও ভয় দেখানোর অভিযোগ মিথ্যা।’
সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
