দুর্গাপূজায় বিজয়া দশমীর দিনে টাঙ্গাইলের কালিহাতীতে মেয়াদোত্তীর্ণ মদ্যপানে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন উপজেলা সদরের উত্তর বেতডোবা গ্রামের গোপাল পাল (৩৫) ও আনন্দ পাল (৫২)। আর আহত দুজন হলেন- টোকন পাল (৩৫) ও সুরঞ্জন পাল (২৬)।
কালিহাতি হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন গত মঙ্গলবার এদের সবাই একই সঙ্গে মদ্যপান করেন। বৃহস্পতিবার ভোরে স্বজনরা তাদেরকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুরঞ্জন পালকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয় ও অপর দুজনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নেওয়ার পথেই মারা যান আনন্দ পাল ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোপাল পাল।
গুরুতর অসুস্থ অপরজন টোকন পাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, মৃতরা এমনিতেই মাঝে মাঝে মদ পান করত। পূজাতে মদ্যপানে এমনটি হওয়ার কথা না, মদটি মেয়াদোত্তীর্ণ হতে পারে বলে তার ধারণা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোহাম্মদ আসাদুল্লাহ মুঠোফোনে জানান, সকালে মদ্যপানের বিষক্রিয়ায় তিনজন রোগী আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গোপাল ও আনন্দ পালকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শঙ্কা মুক্ত থাকায় সুরঞ্জন পালকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইন-চার্জ (ওসি) হাসান আল মামুন। তিনি জানান, গোপাল পালের লাশ টাঙ্গাইল সদর হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অপর মৃত আনন্দ পালের লাশ সকালেই স্বজনরা দাহ করে ফেলেছেন।
