চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ নিয়ে মাথা না ঘামাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে হুঁশিয়ারি দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
তিনি ভিপি নুরকে উদ্দেশ করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে বলেন দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী সংগঠন। এই নুরের পাগলামির জবাব আমরা দেব। নুরু ভিপি মিডিয়াকে নিয়ে রাজনীতি করছে। আমরা বলি, আপনি ঢাবিতে আছেন, ঢাবিতে থাকেন। চবি ছাত্রলীগ নিয়ে মাথা ঘামাবেন না।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার স্মরণে শোক র্যালিতে শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব বলেন।
এ সময় রেজাউল হক রুবেল আরো বলেন, আবরার আমাদের ভাই। আমাদের শরীরে যে রক্ত আছে তা আবরারের শরীরেও প্রবাহিত হচ্ছে। যারা তাকে হত্যা করেছে তারা কোনো দেশের নয়, দলের নয়, গোষ্ঠীর নয়। তারা শুধু খুনি। প্রধানমন্ত্রী আবরারের পরিবারের খোঁজখবর নিয়েছেন। দেশরত্ন শেখ হাসিনা থেকে অলিগলির ছাত্রলীগ সবাই চায় দ্রুত যেন আবরার হত্যার হয়। যে দেশে শেখ হাসিনা আছে সেখানে কোনো অন্যায় কর্মকাণ্ড চলতে পারে না। যেকোনো অপকর্মের বিচার বাংলাদেশে হচ্ছে।
চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আরবারের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত অমানবিক ও ঘৃণিত। যারা নৃশংশ কর্ম ঘটিয়েছে আমরা তাদের শাস্তি চাই। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে জড়িত থাকে তার দায়ভার ছাত্রলীগ নেবে না। প্রগতিশীল সব সংগঠন যে প্রতিবাদ জানিয়েছে তার সঙ্গে আমরাও একাত্মতা পোষণ করছি।
তিনি আরো বলেন, মৌলবাদী গোষ্ঠী এ ঘটনায় দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে একটি শোক র্যালির আয়োজন করে চবি ছাত্রলীগ। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন শাখার নেতৃবৃন্দরা। সমাবেশ শেষে আবরারের মাগফেরাত কামানায় মোনাজাত করা হয়।
