বিষাক্ত মদপানে টাঙ্গাইল ও বরিশালে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামের গোপাল পাল (৩৫) ও আনন্দ পাল (৫২) এবং বরিশাল নগরীর হাটখোলার সিদ্ধার্থ রায় মিঠুন (২৬), বিকাশ কর্মকার (৩০) ও ৩০ নম্বর ওয়ার্ডের গণপাড়ার রতন চন্দ্র দাস (২৭)। তারা সবাই দুর্গাপূজার বিজয়া দশমীতে গত মঙ্গলবার বিভিন্ন সময় মদপান করেন বলে পুলিশ জানায়।
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, বিষাক্ত মদপানে কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একই কারণে অন্য দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজন গোপাল পাল ও আনন্দ পাল। হাসপাতালে চিকিৎসাধীন টোকন পাল (৩৫) ও সুরঞ্জন পাল (২৬)।
কালিহাতী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার অজয় কুমার দে সরকার বলেন, দুর্গাপূজার বিজয়া দশমীতে গোপাল, আনন্দ, টোকন ও সুরঞ্জন একসঙ্গে মদপান করেন। পরে রাতে গোপাল ও আনন্দ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে রাত ৮টার দিকে গোপাল মারা যান। আনন্দের অবস্থা আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসক। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন দুজনের অবস্থা খারাপ হলে স্বজনরা সুরঞ্জনকে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে আর টোকনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান।
আমাদের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, নগরীতে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার রাত ৮টা থেকে গতকাল দুপুরের মধ্যে সিদ্ধার্থ রায় মিঠুন, বিকাশ কর্মকার ও ৩০ নম্বর ওয়ার্ডের গণপাড়ার রতন চন্দ্র দাস নামে তিন যুবকের মৃত্যু হয়। দুর্গাপূজার বিজয়া দশমীর দিন মদপানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
তিনি জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। অ্যালকোহলিক কারণে তিনি মারা যান বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। বিকাশকে গত বুধবার রাত ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর ১২টায় তার মৃত্যু হয়। আর সিদ্ধার্থকে গতকাল ভোর ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১টায় তার মৃত্যু হয়। তবে দুজনের মৃত্যু সনদে হার্টফেল (হৃদযন্ত্র অকার্যকর) উল্লেখ করা হয়েছে।
