ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে অপহরণের ২ দিন পর কলেজছাত্র কবির হোসেনকে (২৪) বৃহস্পতিবার গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব-৬।
এ ঘটনায় ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো– ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী ইসমত আরা (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সিংগেরকুল গ্রামের মৃত মকবুল মোল্লার ছেলে বাবলু মোল্লা (৫০) ও চরসোনাকুর গ্রামের মৃত বদরুজ্জামান শেখের ছেলে শরাফত শেখ (৪৬)। ভোররাতে মহেশপুর থেকে ইসমত আরা ও বিকেলে গোপালগঞ্জ থেকে বাবলু ও শরাফতকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল ইসলামের ছেলে যশোর এমএম কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র কবিরের মোবাইল ফোনে ১০ দিন আগে ২০ টাকা ফেক্সিলোড আসে। এরই সূত্র ধরে ইসমত আরার সঙ্গে তার কথা হয়।
একপর্যায়ে ইসমত আরা প্রেমের অভিনয় করেন। গত ৮ অক্টোবর সকালে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে কবিরকে দেখা করতে বলে। কবির গেলে অপহরণকারী চক্রের অন্য সদস্যরা কৌশলে তাকে যশোর নিয়ে যায়। সেখান থেকে ভয়ভীতি দেখিয়ে তাকে গোপালগঞ্জের সিংগেরকুল বাজারের বাবুল মোল্লার বাড়ি নিয়ে আটকে রাখে। পরে অভিভাবকদের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় তারা কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরি করে র্যাবকে জানায়। র্যাব উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে অপহরণকারী চক্রের মূল হোতা ইসমত আরাকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক কবিরকে উদ্ধার এবং বাবলু ও শরাফতকে আটক করে।
র্যাব কর্মকর্তা মাসুদ আরও জানান, ইসমত আরা দীর্ঘদিন ধরে কয়েকজন সহযোগীর যোগসাজশে মোবাইলে প্রেমের অভিনয় করে লোকজনকে ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
