বুয়েটে শিক্ষক অ্যালামনাই আন্দোলন রহস্যজনক : শিক্ষামন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০২:৩২ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জেরে শিক্ষক সমিতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন  আন্দোলনে নামায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাদের আন্দোলনকে রহস্যজনক আখ্যা দিয়ে তিনি বলেন, বুয়েটে এমন ঘটনা আগেও ঘটেছে, তখন শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন

কোথায় ছিলেন? তখন কেন আন্দোলনে নামেননি? কেন এখন সবাই মিলে আন্দোলনে যোগ

দিয়েছেন? এটি আমার কাছে রহস্য।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০১৯’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চলমান অস্থিরতা বুয়েট প্রশাসনের মাধ্যমে নিরসন করতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। এখানে যদি আগে থেকেই শিক্ষার্থীদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ করা হতো তাহলে এমন ঘটনা (আবরার হত্যা) ঘটত না।’ তিনি বলেন, ‘বুয়েটের ছাত্ররা যেসব দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে তাতে আমাদের কিছু করার নেই। বুয়েট প্রশাসনের মাধ্যমে তা সমাধান করতে হবে।’ বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, ‘বুয়েটের ছাত্রলীগ ছাড়াও সেখানে অন্যান্য শক্তিশালী ছাত্রসংগঠন রয়েছে। এর আগে তাদের কখনো আন্দোলনে নামতে দেখা যায়নি। বুয়েটের ছাত্রসংগঠন থাকবে কি থাকবে না সেটি বুয়েট প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না।’

ভিসিকে অপসারণ করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ভিসি থাকবেন কি থাকবেন না সেটি ভিন্ন বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত