শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না ইংল্যান্ড। দুই অর্ধে দুই গোলের সুবাদে জয় ছিনিয়ে নিয়েছে চেক রিপাবলিক। তাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গত দশ বছরে প্রথমবারের মতো হারের স্বাদ পেল ইংলিশরা।
প্রাহায় শুক্রবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হারে ইংল্যান্ড। প্রতিযোগিতাটির বাছাই পর্বে দলটির সবশেষ হার ছিল ২০০৯ সালে, ইউক্রেনের কাছে ১-০ গোলে।
প্রতিপক্ষের মাঠে খেলা শুরুর পঞ্চম মিনিটে নিখুঁত পেনাল্টি শটে ইংল্যান্ডকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেইন। পেনাল্টি বক্সে রাহিম স্টার্লিংকে চেক রিপাবলিকের মিডফিল্ডার লুকাস মাসোপুস্ট ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
এগিয়ে যাওয়ার সুবিধা ধরে রাখতে পারেনি অতিথি দল। নবম মিনিটেই চেক রিপাবলিককে সমতায় ফেরান জ্যাকুব ব্র্যাবেক। কর্নার থেকে বল পেয়ে খুব কাছ থেকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান এই সেন্টার-ব্যাক। ১-১ সমতা শেষ হয় প্রথমার্ধের খেলা।
সমতাতেই শেষ হতে যাচ্ছিল লড়াই। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ম্যাচে পার্থক্য গড়ে দেন চেক রিপাবলিকের জেডনেক অনদ্রাসেক। লুকাস মাসোপুস্টের পাস থেকে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
ম্যাচটিতে হারলেও ‘এ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে দলটির পয়েন্ট ১২। ছয় ম্যাচে ১২ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে চেক রিপাবলিক।
