লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে: ভিপি নুর

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১১:১৩ পিএম

শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধে ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয় বরং সন্ত্রাসী কার্যক্রম এবং দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। 

শনিবার দুপুর সাড়ে ১২টায় তার সংগঠনের পক্ষ থেকে মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান। 

এ সময় তিনি ৫ দফা দাবি পেশ করেন।

সংবাদ সম্মেলনে নুর বলেন, দলীয় লেজুড়বৃত্তির কারণে ছাত্ররাজনীতির আজ করুণ অবস্থা। তাই আমি মনে করি, ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয় বরং ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। দলীয় লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতির কারণে স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে বলেও তিনি মনে করেন। 

ভিপি নুরের পাঁচ দফা দাবি হলো- আবরার হত্যাসহ সব ছাত্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পাদন, নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে হলে গণরুম-গেস্টরুম ও ছাত্র সংগঠনের দখলদারিত্ব বন্ধ করে প্রশাসনের মাধ্যমে প্রথমবর্ষ থেকে সিট বন্টনের ব্যবস্থা করা, সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন, ভারতের সঙ্গে করা সব স্বার্থবিরোধী চুক্তি অনতিবিলম্বে বাতিল এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসন নিশ্চিতকরণে উপাচার্যসহ সব গুরুত্বপূর্ণ পদে দল নিরপেক্ষ ব্যক্তি নিয়োগ দিয়ে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসান ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত