ভুটানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আখাউড়া স্থলবন্দর পরিদর্শন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০১:১৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের চার্জ দ্য অ্যাফেয়ার্স কেজাং ওয়াংচুক।

শনিবার সকালে তিনি দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দরটি পরিদর্শনে আসেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভুটানের এই কূটনীতিক।

তিনি কাস্টমস, ইমিগ্রেশন, নো-ম্যান্স ল্যান্ড ও স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বন্দরের বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হন।

পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেজাং ওয়াংচুক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভুটান বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। সার্কভুক্ত দেশ হিসেবে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। ভুটানের অনেক শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন।’

আখাউড়া স্থলবন্দর দুই দেশের বাণিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ভুটান-বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্প্রীতির বন্ধন রয়েছে। তাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা যেন ভুটানের সঙ্গে সহজ ও সুন্দরভাবে পণ্যসামগ্রী আমদানি-রপ্তানি করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

ভুটানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সফরের সময় অন্যদের মধ্যে পুলিশের আখাউড়া-কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী সুপার মো. আবদুল করিম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত