শীঘ্রই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: হাবিব উন নবী সোহেল

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০৯:০৩ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, খুব শীঘ্রই সরকারের পতন হবে। সময় ঘনিয়ে এসেছে, এখন রাজপথে নামতে হবে। সরকারের অপকর্মের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তাদের পতনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

রবিবার দুপুরে বগুড়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা, দেশ বিরোধী চুক্তি বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাবিব উন নবী সোহেল বলেন, রাতের আঁধারে সিঁধ কেটে এই সরকার ক্ষমতায় এসেছে। সিঁধেল চোর আওয়ামী লীগ সরকার এখন লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। ৫শ টাকার বালিশ ৭ হাজার টাকা, ২ হাজার টাকার পর্দা ৩৭ হাজার টাকায় কিনছে। ক্যাসিনোর মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে।

তিনি বলেন, ভিসির কাছে ৮৬ কোটি টাকা চাঁদা দাবি করায় ছাত্রলীগ নেতা শোভন-রব্বানী পদ হারালেও তাদের বিরুদ্ধে মামলা হয় না। আর ২ কোটি টাকার অভিযোগে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়।

তিনি বলেন, খালেদা জিয়াকে বাইরে রাখলে তারা লুটপাট করতে পারবে না। একারণেই খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। তারেক রহমানকে দেশ ছাড়া করা হয়েছে।

বুয়েট ছাত্র আবরার হত্যা সম্পর্কে তিনি বলেন, খুনের সাথে জড়িতদের কিছুই হবে না। কিছুদিন পর দেখবেন তারা ছাড়া পেয়েছে। দেশের স্বার্থ নিয়ে লেখার কারণে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়, তারপরেও দালাল সরকার ক্ষমতায় থাকে।

তিনি বলেন, আবরারের জন্য যখন জাতি কাঁদছে, তখন সরকার নদীর পানি, গ্যাস, বন্দর এমনকি রাডার পর্যন্ত ভারতকে দিয়ে দিচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত