বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ, বিচার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল রবিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অঙ্গ-সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা আবরার হত্যার প্রতিবাদ জানিয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া : আবরার হত্যাকা-ের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়া। সকাল ১০টায় কুষ্টিয়া থানামোড়ের বক চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সনাক কুষ্টিয়ার এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে।
জামালপুর : ভারতের সঙ্গে ‘অসম’ চুক্তি বাতিল ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
দিনাজপুর : ইনস্টিটিউট মাঠে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি পুলিশ সুপার দিলেও সদর থানার ওসি দেননি বলে অভিযোগ করেছে দিনাজপুর জেলা বিএনপি। দুপুর ১২টায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজিনা ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
ঝিনাইদহ : ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ও আরবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সকালে ঝিনাইদহে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করে তারা। জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওহাব। অন্যদিকে, আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাক ঝিনাইদহ। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে সনাকের কর্মীরা অংশ নেয়।
চুয়াডাঙ্গা : আবরার হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে জেলা বিএনপির একাংশ সমাবেশ করে শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গণে। বেলা ১১টায় পুলিশের বেষ্টনীর মধ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা শরীফুজ্জামান শরীফ প্রমুখ।
মাগুরা : আবরার হত্যার প্রতিবাদ ও ‘দেশবিরোধী’ চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন প্রমুখ।
নেত্রকোনা : ‘দেশবিরোধী’ চুক্তি ও আবরার হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রমুখ।
বগুড়া : আবরার ফাহাদ হত্যা, ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল ও খালেদা জিয়ার মুক্তি দাবির সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে দুপুরে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করা হয়।
চাঁদপুর : আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। দুপুরে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ প্রহরায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক প্রমুখ।
ময়মনসিংহ : বিক্ষোভ সমাবেশ করেছে জেলা উত্তর বিএনপি। দুপুরে ময়মনসিংহ নগরের নতুন বাজারস্থ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
