আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদের আন্দোলনকে নানা কথার ফুলঝুরিতে বন্ধের চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, ছাত্রদের আন্দোলনকে থামানোর জন্য নানা কথার ফুলঝুরি শোনানো হচ্ছে। আপনারা যদি থেমে যান এ ঘটনাও অন্য ঘটনার মতো হয়ে পড়বে।
ভিপি নুর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নয় বরং দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে।
রবিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনাকে অন্যদিকে সরিয়ে নিতে নানা লোক দেখানো ব্যবস্থা নেয়া হয়। বিভিন্ন আশ্বাস দেওয়া হয়। আবরার হত্যারও বিচার যেন সেদিকে ধাবিত না হয় তার জন্য আমরা বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করছি। এ প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
ছাত্রলীগের অতীত ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামগুলোতে ছাত্রলীগের অসামান্য ভূমিকার পরও আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে তাদের নিষিদ্ধের দাবি আসছে। কারণ আজ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে।
এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
