ইয়াবা সেবনকালে সহকর্মীদের ধাওয়া খেলেন এএসআই

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৩:০৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সোর্সের বাড়িতে বসে ইয়াবা সেবনকালে নিজ বাহিনীর সদস্যদের ধাওয়া খেয়ে পালিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এএসআই রাশিদুল হাসান নামে ওই পুলিশ কর্মকর্তা ভোলাব পুলিশ ফাঁড়িতে কর্মরত। গত শনিবার রাতে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় সোর্স আল-আমিনের বাড়িতে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দলের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। তবে পুলিশ কর্মকর্তা রাশিদুল পালালেও ধরা পড়েছে তার সোর্স আল-আমিন। উদ্ধার হয়েছে ১০০ ইয়াবা।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মাদক সেবনের পাশাপাশি এএসআই রাশিদুল হাসানের আশ্রয়-প্রশ্রয়ে কালাদী এলাকার প্রয়াত জমির আলীর ছেলে আল-আমিন ইয়াবা বিক্রি করে বলে পুলিশের কাছে সংবাদ আসে। অভিযোগটির তদন্ত করে সত্যতা পাওয়ার পর রাশিদুল ইসলামকে বহুবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। পরে শনিবার রাত ৯টার দিকে সংবাদ পেয়ে আল-আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় পুলিশের ধাওয়া খেয়ে রাশিদুল পালিয়ে যান।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘এএসআই রাশিদুলের বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার ব্যাপারে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় মামলা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত