‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যায় দুর্নীতি বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসন ও ছাত্রলীগ থেকেও হুমকি দেওয়া হচ্ছে। আমি তো একজন মানুষ। এই বিশ্ববিদ্যালয়েরই একজন সচেতন শিক্ষার্থী। এমতাবস্থায় আমার নিরাপত্তা কে নিশ্চিত করবে?’
এভাবেই কথাগুলো বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর। তিনি বর্তমানে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ে চলমান দুর্নীতি বিরোধী আন্দোলনের সমন্বয়ক।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নিজের অসহায়ত্বের কথাগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন অন্তর।
তিনি বলেন, রাবি উপাচার্যের ‘জয় হিন্দ’ বক্তব্য ও উপ-উপাচার্যের নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় প্রশাসনের পদত্যাগের দাবিতে আমরা ক্যাম্পাসে আন্দোলন করে আসছিলাম। এর মধ্যে আবরার হত্যাকাণ্ডের জন্য শিক্ষার্থীদের এই আন্দোলন আরও বেগবান হয়। আন্দোলনের নেতৃত্বে আমি থাকায় তখন থেকেই আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানাভাবে হুমকি দিয়ে আসছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই চায় না আমি এ আন্দোলনে থাকি। এরই অংশ হিসেব গোয়েন্দা বাহিনীর সদস্যরা আমাকে একদিন তুলে নিয়ে গিয়ে পরোক্ষভাবে হুমকি প্রদান করেন। তার কিছু দিন পর আমি নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডাইরি করি। তারপর থেকে থানা পুলিশও আমাকে নানাভাবে হুমকির মধ্যে রেখেছে। এই অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
তবে আব্দুল মজিদ অন্তরের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, আব্দুল মজিদ নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। কিন্তু পরবর্তীতে তাকে হুমকি দেওয়া হয়েছে এ অভিযোগ সঠিক নয়। তিনি মিথ্যা দাবি করেছেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন তাকে হুমকি দিতে যাবে। সে (অন্তর) শুধু শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।’
