ভারতের অর্থনীতির নিম্নগতি নিয়ে সমালোচনা করেছেন দেশটির অর্থমন্ত্রীর স্বামী অর্থনীতিবিদ পারাকাল প্রভাকর। সংবাদমাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত একটি মতামত প্রতিবেদনে অর্থনীতিবিদ পারাকাল এই সমালোচনা করেন।
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তিনি বিরোধী দল কংগ্রেসের নেতা ও ভারতে খোলা বাজারের দুই কা-ারি নরসিমা রাও ও মনমোহন সিংয়ের অর্থনৈতিক নীতির পথে ফিরে যেতে পরামর্শ দিয়েছেন।
মতামত প্রতিবেদনে তিনি বিজেপির ধারাবাহিক নেহরু বিরোধিতার সমালোচনা করেন। তার মতে, নেহরুর সামাজিক ভাবনায় অনুপ্রাণিত সমাজই প্রয়োজন এখন। ভারতীয় অর্থনীতিতে বর্তমানে চরম মন্দা পরিস্থিতি চলছে, তা মানতে নারাজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু অর্থমন্ত্রীর স্বামী প্রভাকরের বক্তব্যে উঠে এসেছে ভারতের আর্থিক লোকসানের বাস্তবিক চিত্র। প্রভাকরের দাবি, পুঁজিবাদী অর্থনীতিতে বিভোর বিজেপি সরকার।
এর আগে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তরফে ভারতের প্রতি সতর্কতা জারি করে বলা হয়, ভারত আরও বেশি অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। ২০১৯ সালে ব্রাজিল বা ভারতের মতো উন্নয়নশীল দেশ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বে বলে মনে করছে আইএমএফ। এমন এক পরিস্থিতিতে খোদ অর্থমন্ত্রীর স্বামীর এমন এক প্রতিক্রিয়ায় বিজেপির ঘাঁটিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
