নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি-বিদেশি জাহাজে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য তোমাদের দূত হিসেবে কাজ করতে হবে। সেই সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকার দেশের সকল সেক্টরের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এক্ষেত্রে শিপিং সেক্টরেরও ভূমিকা রয়েছে। আর এই সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজসহ বিভিন্ন শিপিং এজেন্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
