যুব ভারতী ক্রীড়াঙ্গনের পুরো গ্যালারি ছিল স্বাগতিক দর্শকদের দখলে। সুনিল ছেত্রিদের জয়ের জন্য ম্যাচজুড়ে গড়া ফাটালেন তারা। কিন্তু তারুণ্যদীপ্ত বাংলাদেশ জয় পেতে দেয়নি ভারতকে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচটিতে পয়েন্ট আদায় করে নিয়েছে জেমি ডের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে লিড নেয় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়ার এসিস্ট থেকে গোল করেন ফরোয়ার্ড সাদ উদ্দিন। র্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে তো জয়ই দেখছিল জামাল ভূঁইয়ারা। কিন্তু শেষ মুহূর্তে আদিল খানের গোলে ম্যাচ ড্র করে স্বাগতিক ভারত।
জয় না পেলেও বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। সেটিও ভারতের মাটি থেকে।
এ ম্যাচে গল্প করার মতো অনেক মুহূর্তই উপহার দিয়েছে জেমি ডের দল। সবচেয়ে সুখের স্মৃতিটা নিশ্চিতভাবেই ৪২ মিনিটে। সেট পিস থেকে গোল করে লিড নেয় বাংলাদেশ।
জামাল ভূঁইয়ার মাপা ফ্রি কিকে হেডে বল জালে জড়ান আবাহনীর ফরোয়ার্ড সাদ। ভারত গোলরক্ষক গুরপ্রিত সিং জামালের কিক থেকে উড়ে আসা বল নাগালে নেওয়ার চেষ্টা করলেও পারেননি। কৌশলী সাদ পাওয়ার হেডে জালে জড়িয়ে দেন বল।
সাদ উদ্দিনের করা গোলটির ভিডিও:
