চমেকের ডাক্তার-নার্সদের নোবেল পুরস্কার দেওয়া উচিত: মেয়র নাছির

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৪:২৮ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বন্দরনগরীর মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার দুপুরে চমেক হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের ১৫ শয্যার সিসিইউ-২ স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চসিক মেয়র বলেন, হাসপাতালের অনুমোদিত শয্যা সংখ্যা এক হাজার ৩০০। কিন্তু তার তুলনায় জনবল অনেক কম, অনেকগুলো পদ শূন্য আছে। সেই জনবল দিয়ে ছয়-সাত হাজার ভর্তি রোগীকে সেবা দিতে হয়। এটা কি স্বাভাবিক বিষয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের সংবাদ পরিবেশ নিয়ে অসন্তোষ দেখিয়ে বলেন, ‘হাসপাতালে করিডরে রোগী কেন রাখা হয় এ রকম সংবাদ পরিবেশন হয়। কিন্তু যত শয্যা আছে সে পরিমাণ রোগী যদি ভর্তি হয় তাহলে বাকিদের তো বিদায় করে দিতে হবে। এর ফলে তো গরিব লোকগুলো চিকিৎসা না পেয়ে মৃত্যুমুখে পতিত হবে’।

মেয়র বলেন, ‘সে কারণে আমি মনে করি আমাদের দেশের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যে সব চিকিৎসক-নার্সরা সেবার কাজে নিয়োজিত তাদের তো নোবেল প্রাইজ দেওয়া উচিত’।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আপনি যদি শতভাগ নিশ্চিত হন কোনো একজন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এটা হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে টার্গেট করতে হবে। ওই ডাক্তারের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারেন। পুরা ডাক্তার সমাজের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করাটা, আমাদের দেশে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। যেটা জেনারালাইজ করা হয়, আমাদের এখানে কোনো কিছু হয় না- এভাবে বলা উচিত নয়’।

চমেকে শত শত হৃদরোগীকে সেবা দেওয়া হচ্ছে অথচ ওখানে একজন অধ্যাপকও নেই উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘এ কথাগুলো আপনাদের লিখতে হবে। কিন্তু দুর্ভাগ্য সমস্যাকে চিহ্নিত করে সমাধান করার জন্য এটার অনুকূলে জনমত সৃষ্টি করার প্রয়োজন। সেটা না করে, যেটা না করলে চলে, করা উচিত নয় সেটাই আমাদের কিন্তু আমাদের দেশে হয়। এটা আমার কাছে স্বাভাবিক মনে হয় না। আমি অনেক সাংবাদিকদের বন্ধুদের বলেছি। আমিও বিদেশে গিয়েছি, আপনারও জানেন। সেখানের পত্রিকাগুলো আপনাদের মতো সংবাদ পরিবেশ করে না। এই বক্তব্যের সঙ্গে আপনারাও একমত পোষণ করবেন’।

তিনি বলেন, ‘তাহের ব্রাদার্স সিসিইউ-২ ইউনিটে ১৫ শয্যা দিয়েছেন। চমেক হাসপাতাল রোগী কল্যাণ সমিতি অত্যন্ত নিবেদিত। সমিতির কার্যক্রম গতিশীল ও বেগবান করতে তৎপর। হতদরিদ্র থেকে মধ্যবিত্ত রোগীদের কল্যাণে কাজ করছে। উনারা তৎপর না থাকলে গরিবদের সেবা দেওয়া সম্ভব হতো না। আগে রোগী কল্যাণ সমিতি ছিল নামে, এখন কাজে পাওয়া যায়’।

চমেক হাসপাতাল হৃদরোগ বিভাগ ও রোগী কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চমেক উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, বিএমএর সভাপতি ডা. মুজিবুল হক খান, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার দাশ চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

রোববার বিকেলে নগরীর সিমেন্স ক্রসিং এলাকায় এক অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে নোবেল পুরস্কার না পান সেজন্য ‘ষড়যন্ত্র’ করে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত