ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই’র প্রেসিডেন্টের চেয়ার বসতে যাচ্ছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার আমলে ভারত-পাকিস্তান লড়াই পুনরুজ্জীবিত পারে বলেও অনেকের ধারণা। কিন্তু চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির ক্রিকেটীয় লড়াইয়ের ব্যাপারটি যে রাজনীতির ঘেরাটোপে আটকে সেটিই মনে করিয়ে দিলেন সৌরভ।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ হওয়ায় তার কাছে থাকছে প্রচুর প্রত্যাশাও। এর মধ্যে অন্যতম, বাইশ গজে ভারত-পাকিস্তানকে মুখোমুখি দেখা। সবশেষ ২০১২ সালের শেষ দিকে ভারত সফরে এসেছিল পাকিস্তান। সেটাই শেষ দ্বিপাক্ষিক সিরিজ। তখন ভারতে এসে দুটো টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল পাকিস্তান।
সৌরভের নেতৃত্বেই ২০০৪ সালে পাকিস্তানে গিয়েছিল ভারত। ১৯৯৯ সালে হওয়া কার্গিল যুদ্ধের পর সেটাই ছিল দল দুটির প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ১৯৮৯ সালের পর সেবারই প্রথম ভারত গিয়েছিল পাকিস্তান সফরে।
আবার কবে দেখা যাবে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ? এ ব্যাপারে সৌরভের জবাব- “প্রশ্নটা মোদিজি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতির প্রয়োজন হয়। তাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই।”
