কুপিয়ে জখমের পর ‘ছাত্রদল-শিবির’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০১:৫৮ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাবেক দুই শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছাত্রদল-শিবির বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ অভিযোগে দায়ের মামলায় দুজনকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেইসবুক মেসেঞ্জারের মেসেজের জের ধরে বুধবার বেলা ১টার দিকে জবির সাবেক শিক্ষার্থী আতিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও বাহাউদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডেকে নিয়ে চাঁদা দাবি ও লাঞ্ছিত করেন ফিন্যান্স বিভাগ ১১তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী রিয়াদ ইবনে সাদাফ ও কবি নজরুল কলেজের ছাত্রলীগ কর্মী সানবীর মাহমুদ ফয়সাল। এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চা খেতে গেলে সাদাফ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী নিয়ে তাদের ওপর ফের হামলা চালান। এ সময় তারা ছাত্রদল ও শিবির বলে চাপাতি দিয়ে আতিক ও জাহাঙ্গীরকে উপর্যুপরি কোপাতে থাকেন। ক্যাম্পাসের দিকে পালাতে চাইলে কোপাতে কোপাতে তাদের প্রক্টর অফিসে নিয়ে যান এবং তাদের হাতে চাপাতি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে প্রক্টর মোস্তফা কামাল পুলিশের সহায়তায় আহত দুজনকে মিটফোর্ড হাসপাতালে পাঠান। এ ঘটনায় ওই রাতেই আতিকুল বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাদাফ এবং ফয়সাল ছাড়াও ছাত্রলীগ কর্মী সমাজবিজ্ঞান ১১তম ব্যাচের আল সাদিক হৃদয়, ম্যানেজমেন্ট বিভাগের ১১তম ব্যাচের আল সাদিত জিয়ন, মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের ফয়সাল, ম্যানেজমেন্ট বিভাগ ১০তম ব্যাচের আরাফাত ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের ১০তম ব্যাচের আবু মুসা রিফাতের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করেন। পরে বুধবার রাতে পুলিশ রিয়াদ ও ফয়সালকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতে তুললে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় মহানগর হাকিম জজ আদালত। প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার পর দুই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। এরপর প্রক্টরিয়াল বডি টিএসসিতে অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে। পুলিশকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত