৯/১১’র স্টাইলে বিমান হামলার ‘পরিকল্পনা নস্যাৎ’ করল ফ্রান্স

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১০:২৯ এএম

যুক্তরাষ্ট্রে চালানো নাইন-ইলেভেনের বিমান হামলার মতো একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে ফ্রান্সের পুলিশ।

ফ্রান্স-২ টিভি’র একটি শো-তে বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্টোফে ক্যাস্তানের এমন দাবি করেন বলে জানায় রুশ সংবাদমাধ্যম আরটি।

এবিষয়ে বিস্তারিত উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য ওই হামলাকারীর একটি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা ছিল এবং এটি সম্পন্ন করতে ‘প্রস্তুত’ হচ্ছিল।

যুক্তরাষ্ট্রে চালানো নাইন-ইলেভেনের বিমান হামলায় উৎসাহিত হয়ে একই ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে গত মাসে ওই ব্যক্তি আটক করা হয়। এরপর এই প্রথম সংবাদমাধ্যমে এনিয়ে কথা বললেন তিনি।

পুলিশের উদ্ধৃতি দিয়ে ওইদিন প্রকাশিত প্রতিবেদনে কিছু শব্দের জায়গা ফাঁকা রেখেছিল ফরাসি সংবাদমাধ্যমগুলো।

মধ্য প্যারিসের ঠিক পশ্চিমে হুদস দে সেন ডিপার্টমেন্ট এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তির বসবাস। ওই ফরাসি নাগরিকের বয়স ত্রিশের কম বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

একই সূত্র জানায়, ফ্রান্সে ব্যাপক গোয়েন্দা নজরদারি থাকায় সন্দেহভাজন ব্যক্তি ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) কোনো দেশে হামলার পরিকল্পনা করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি এ দুষ্কর্মে সহযোগিতা পাওয়ার চেষ্টা করলে পুলিশ এবং ফ্রান্সের কাউন্টার-ইন্টেলিজেন্স সার্ভিস ডিজিএসআই তাকে তিন থেকে চার মাস নজরদারিতে রেখেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত