দলের ভাগ্য ফেরাতে ফের ‘টস বিশেষজ্ঞের’ শরণাপন্ন হবেন দু প্লেসি!

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৭:০৬ পিএম

ক্রিকেটে ‘টস বিশেষজ্ঞ’ শব্দটার সঙ্গে এরই মধ্যে পরিচিত হয়ে গেছেন দর্শকেরা। ক’দিন আগে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে টস বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং। মানে সতীর্থকে দিয়ে টস করিয়েছিলেন, নিজের টস ভাগ্য ভালো যাচ্ছিল না বলে।

ভারতের বিপক্ষে এবার সেই পন্থা অবলম্বন করতে চাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ দু প্লেসি। রাঁচিতে শনিবার সিরিজের তৃতীয় টেস্টে বিরাট কোহলির সঙ্গে দু প্লেসির বদলে অন্য কেউ টস করতে পারেন বলেই আভাস মিলেছে।

এশিয়ার মাটিতে টানা নয় ম্যাচ টস হেরেছে ফ্যাফ দু প্লেসিস। বিষয়টা নিয়ে রীতিমতো বিরক্ত প্রোটিয়া অধিনায়ক। টস হারের খেসারত ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে দিতে হয়েছে প্রোটিয়াদের। দুই ম্যাচেই আগে ব্যাট করে পাঁচ শ ছাড়ানো স্কোর করে ভারত।

প্রথম দুই ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজ এরই মধ্যে হাতছাড়া হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা চাচ্ছে রাঁচিতে ভাগ্য বদলের। দু প্লেসি তাই শরণাপন্ন হতে যাচ্ছেন টস বিশেষজ্ঞের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দু প্লেসি সেটি এর রকম বলেই দিয়েছেন, ‘আশা করছি আগামীকাল টস জিতে ভালো শুরু করতে পারব। অন্য কাউকে টস করতে পাঠাব। কারণ আমার টসের রেকর্ড একদম ভালো নয়।  আমরা প্রথমে ব্যাট করে যদি বড় রান তুলতে পারি, তাহলে যে কোনো কিছু সম্ভব। আগামী কয়েক দিনে সেটা বোঝা যাবে। পিচ দেখে শুষ্ক মনে হলো। প্রথম প্রথম ইনিংসে রান করাটাই গুরুত্বপূর্ণ হবে। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে যা কিছু সম্ভব।’

সত্যিই এমন হলে দ্বিতীয়বারের মতো টস বিশেষজ্ঞের শরণাপন্ন হতে দেখা যাচ্ছে দু প্লেসিকে। গেল বছর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বাদশ খেলোয়াড় জেপি দুমিনিকে দিয়ে টস করিয়েছিলেন দু প্লেসি। দুমিনি সেদিন টসও জিতেছিলেন। কদিন আগে যেমন ম্যাগ ল্যানিংয়ের পরিবর্তে অ্যালিসা হেলিও টস করে জিতেছিলেন ভাগ্য নামক পরীক্ষায়। দেখার বিষয় এবার কী হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত