জনগণের স্বার্থ রক্ষায় রাজনীতি করতে দলের নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, রাজনীতিতে দলের মত ও পথের পার্থক্য থাকে। সংগঠনের স্বার্থে সবাইকে ছাড় দিয়ে একক নেতৃত্বে কাজ করতে হবে। একতা না থাকলে রাজনীতিতে সফল হওয়া সম্ভব নয়।
শনিবার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পাটির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা জেলার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।
আসন্ন কাউন্সিলের কথা তুলে ধরে জি এম কাদের বলেন, জাতীয় পাটির কেন্দ্রীয় কাউন্সিল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য আট বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। আমরা যদি সঠিকভাবে সংগঠনকে সুসংগঠিত করতে পারি তাহলে অতি শিগগিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতী, অ্যাডভোকেট সালমা ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, জহিরুল আলম রুবেল ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
ঢাকা জেলার সাংগঠনিক সভায় ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই কমিটি ১ মাসের মধ্যে সম্মেলন করবে। কমিটির আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম ও সদস্যসচিব খান মোহাম্মদ ইস্রাফিল খোকন।
এর আগে সকালে বনানী কার্যালয়ে রাজশাহী বিভাগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
