তদন্ত করছে জাতিসংঘ

তুরস্কের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১১:৩১ পিএম

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি জাতিসংঘ তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত শুক্রবার সকালে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা ওপিসিডব্লিউ জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পর তারা সম্ভাব্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক।

কুর্দিস রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, হাসাকাহ হাসপাতালে চিকিৎসাধীন ছয় ব্যক্তি অজ্ঞাত অস্ত্রে আক্রান্ত হয়েছে। তুরস্ক ও তাদের সমর্থিত বাহিনীগুলোর সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) সংঘাতের সময়ে তারা আক্রান্ত হয়েছে। তারা কোন ধরনের অস্ত্রে আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। একজন ব্রিটিশ বিশেষজ্ঞ গার্ডিয়ানকে ইঙ্গিত দিয়েছেন, অভিযানে আক্রান্ত ব্যক্তির শরীরে বিষাক্ত ফসফরাসের আলামত মিলেছে।

সাদা ফসফরাস বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীর কাছেই রয়েছে। আর বৈধভাবে তা যুদ্ধের সময়ে রাতের বেলায় কোনো স্থানকে আলোকিত করতে বা দিনের বেলায় সেনাসদস্যদের ধোঁয়ার আড়ালে রাখতে ব্যবহার হয়। তবে বেসামরিক মানুষের ওপর এর ব্যবহার নিষিদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত