সিলেটে পরিকল্পনামন্ত্রী

বালিশ পর্দা বদনা দুর্নীতির মতো কলঙ্ক আর দেখতে চাই না

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০২:১৭ এএম

উন্নয়ন খাতে বরাদ্দের টাকার মালিক দেশের জনগণ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই টাকার হিসাব জনগণকে দিতে হবে। তাই বরাদ্দের টাকা যথাযথভাবে কাজে লাগাতে হবে। দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। জনগণও এখন সচেতন। তারা দুর্নীতি ধরতে আমাদের পেছনে দাঁড়িয়ে আছে।

গতকাল শনিবার সিলেটে নবনির্মিত ট্রাক টার্মিনালের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বালিশ, পর্দা, বদনা দুর্নীতির মতো কলঙ্ক আমরা আর দেখতে চাই না।

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ২৫ কোটি টাকা ব্যয়ে ট্রাক টার্মিনাল হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে ট্রাক মালিক-শ্রমিকদের সুবিধা হবে এবং নগরীতে যানজটও কমবে। সিলেটে বড় বড় আরও অনেক প্রকল্প বাস্তবায়ন হবে জানিয়ে সিটি মেয়রকে উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা বেশি বেশি করে প্রকল্প জমা দেন। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে এখন রোল মডেল হিসেবে আখ্যা দিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, রেজওয়ান আহমদ, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান প্রমুখ।

পরে মন্ত্রী সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত