রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়ার আল আমিন রোডের একটি সেমিপাকা বাসায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালীপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪৮) ও তার স্ত্রী আকলিমা আক্তার (৩৭)। জাহাঙ্গীর রাজমিস্ত্রির কাজ করতেন। যাত্রাবাড়ী থানার এসআই লাইজু আক্তার জানান, ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর ও আকলিমা। আকলিমাকে মৃত ভেবে তাকে বাসায় রেখে জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে খবর পেয়ে আকলিমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ দম্পতির ছেলে ফোরকান মিয়া জানান, ভোরে উঠে দেখতে পান বাসার উঠানের টিউবওয়েলের পাশে তার বাবা-মা অচেতন অবস্থায় পড়ে আছেন।
