ভোটের রাতে ধর্ষণ: জবানবন্দি দিতে এসে কাঁদালেন ধর্ষিতা

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৬:৪৩ পিএম

নোয়াখালীর সুর্বণচরে ভোটের রাতে ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দি দিতে এসে কাঁদলেন ধর্ষিত (৪০) গৃহবধূ। ওই রাতে বাড়িতে হামলা, স্বামী-পুত্র কন্যাদের বেঁধে রাখা। টেনেহিঁচড়ে পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণের বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

রবিবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শামছু উদ্দিন খালেদের আদালতে জবানবন্দি দেন ওই গৃহবধূ। এ সময় আদালত তাকে বারবার সান্ত¡না দেয়। উপস্থিত আইনজীবী, সাংবাদিক, পুলিশসহ সবার চোখ থেকে গড়িয়ে পড়ে পানি।

গত বছর ৩০ ডিসেম্বের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় স্থানীয় আ.লীগ কর্মী রুহুল আমিনের নেতৃত্বে ৪ সন্তানের মা (৪০) একাধিক লোকের ধর্ষণের শিকার হন।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ আদালতকে বলেন, ঘটনার দিন রাত সাড়ে ৮টায় দিকে আসামি সালাউদ্দিন এসে তার স্বামীর নাম ধরে ডাকাডাকি করলে তিনি দরজা খুলে দেন। তখন হুড়মুড় করে আসামি সালাহউদ্দিন, বেচু, সোহেলসহ আরও ৩/৪ জন ঘরে ঢুকে তার স্বামীকে মাফলার, দুই মেয়েকে ওড়না, ছেলেকে গামছা দিয়ে বেঁধে ফেলে। তাকে মুখ বেঁধে ঘরের বাইরে এনে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। পরদিন সকাল ৮টায় তার জ্ঞান ফেরে।

তাকে হাসপাতালে নেওয়ার জন্য তার স্বামী সিএনজি ট্যাক্সি আনলে রুহুল আমিনের নেতৃত্বে অন্য আসামিরা বাধা দেয়। পরে তার দেবর নোয়াখালী থেকে অ্যাম্বুলেন্স এনে তাকে হাসপাতালে ভর্তি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত