বগুড়ায় ১৩ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় আব্দুল হান্নান নামের এক ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার বিকেলে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত।
দুদক কর্মকর্তারা জানান, ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান নাড়ুয়ামালা গ্রামের মতিউর রহমান মানিক নামের এক ব্যক্তির কাছে জমির খাজনা-খারিজ বাবদ ১৩ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি তিনি দুদকে অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে দুদক বগুড়া জেলা সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি টিম আজ দুপুরের দিকে নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের আশে পাশে অবস্থান নেন। একপর্যায়ে মানিকের কাছে ঘুষ লেনদেনের সময় দুদকে টিম হাতেনাতে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ঘুষের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহেদ মঞ্জুর বলেন, জমির খাজনা-খারিজের জন্য সরকার নির্ধারিত ফি ১৪৩ টাকা। সেখানে গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান অভিযোগকারীর সঙ্গে ১৩ হাজার টাকা ঘুষ লেনদেনের দফারফা করেন।
গ্রেপ্তার আব্দুল হান্নান বর্তমানে দুদক হেফাজতে রয়েছেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে নামে মামলা করেছেন।
