নরসিংদীর কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৮:১৭ পিএম

নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে জাবেদ আহমেদ সাব্বির (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার বড়ইতলা এলাকায় কারখানার ফ্রিজ প্যাকেজিং বিভাগে এ দুর্ঘটনা ঘটে।

তার এক সহকর্মী জানান, সাব্বির ওই বিভাগের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি শিবপুর উপজেলার বংশিদিয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে।

সাব্বিরের কনিষ্ঠ রিয়াজ বলেন, ‘সাব্বির ভাই সকালে কাজে কারখানায় যায়। দুপুরের দিকে হঠাৎ কারখানা থেকে তার অসুস্থতার খবর আসে। আমাদের হাসপাতালে যেতে বলা হয়। সেখানে গিয়ে দেখি ভাই আর নেই।’

নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শেলী রানী দাশ বলেন, ‘সাব্বিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। যারা নিয়ে আসেন তারা জানান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি।’

শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত