এমপির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৮:৩৪ পিএম

মোবাইল ফোনে হুমকিসহ লাঞ্ছিত করার অভিযোগ এনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান ও তার ‘সন্ত্রাসী বাহিনী’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা।

রবিবার বেলা ১১টায় পৌরশহরের কামারপট্টির বাসায় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে শাহিনা দাবি করেন, ১৭ অক্টোবর মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে এমপির সংবর্ধনা সভায় তাকে এবং ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খানকে নির্ধারিত আসন ছেড়ে দিতে বাধ্য করা হয়। প্রতিবাদ করায় অকথ্য ভাষায় গালাগাল করা হয়। তার অভিযোগ, এমপির লালিত সন্ত্রাসীরা তাদের মোবাইলে গালাগাল করে। এছাড়াও ধানখালীতে এক সভায় তার পেছন থেকে চেয়ার সরিয়ে দেওয়া হয়। প্রকাশ্যে মাইকে স্থান ত্যাগ করার হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় তিনি কলাপাড়া থানায় নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন।

সম্প্রতি মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকে অগঠনতান্ত্রিক বলে দাবি করেছেন সীমা। তিনি বলেন, ‘ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এমপি তার নিকটাত্মীয়দের কমিটিতে প্রবেশ করাচ্ছেন।’

এ বিষয়ে মহিব্বুর রহমান বলেন, ‘হুমকি ও লাঞ্ছিতের বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমাকে অযথা জড়ানো হয়েছে। এছাড়া ছাত্রলীগের আশিকুর রহমান তালুকদারকে ফোন দিয়ে দুই ভাইস চেয়ারম্যানই উল্টো ধমক দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত